শাহজালাল (র.) মাজারের মানতের ১২টি খাসি বিক্রির অভিযোগ, ভক্তদের মধ্যে ক্ষোভ
নিজস্ব প্রতিনিধি:
সিলেটের হযরত শাহজালাল (র.) মাজারে মানত হিসেবে দেওয়া ১২টি খাসি বিতরণ বা মাজার প্রাঙ্গণে জবাই না করে খাদেমের বাসায় নিয়ে বিক্রি করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনাকে কেন্দ্র করে মাজারে আগত ভক্ত ও আশেকানদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী ও অভিযোগকারীদের দাবি, ভক্তদের মানত হিসেবে দেওয়া ১২টি খাসি মাজারের প্রচলিত ব্যবস্থাপনা অনুযায়ী জবাই বা বিতরণ না করে দায়িত্বরত এক খাদেমের বাসায় নিয়ে যাওয়া হয়। পরে সেখানে কাজির বাজারের কয়েকজন ব্যবসায়ীর উপস্থিতিতে ব্যবসায়ী মায়েদ মিয়ার কাছে খাসিগুলো বিক্রি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় মাজারে আগত অনেক ভক্ত ও আশেকান ক্ষোভ প্রকাশ করে বলেন, ভক্তদের ধর্মীয় অনুভূতি ও বিশ্বাসের সঙ্গে জড়িত মানতের পশু যদি স্বচ্ছ নিয়মে ব্যবস্থাপনা না করা হয়, তাহলে তা অত্যন্ত দুঃখজনক। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
তবে এ বিষয়ে অভিযুক্ত খাদেমের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পাশাপাশি মাজার কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্যও এখনও প্রকাশিত হয়নি।
ঘটনার সত্যতা যাচাই ও অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পর বিস্তারিত তথ্য জানা যাবে। সচেতন মহল মাজারে মানত ও দান-অনুদানের ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: বাবুল খান মুন্না, মোবাইল নাম্বার: 𝟎𝟏𝟕𝟒𝟕𝟗𝟏𝟓𝟖𝟔𝟎 / 𝟎𝟏𝟕𝟏𝟒𝟑𝟎𝟓𝟐𝟒𝟒
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত