ধরনের সহযোগিতা করবে সিসিক:
নিজস্ব প্রতিবেদক :আব্দুল কাইয়ুম চৌধুরীশিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, সিলেট নগরীতে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতাধীন এবং আন্তঃজেলা সংযোগের সব গুরুত্বপূর্ণ সড়ক পর্যায়ক্রমে এ গ্রেডে উন্নীত করা হবে। জরাজীর্ণ সড়ক দ্রুত সংস্কার করা হবে।
শুক্রবার (২৫ জুলাই) সকালে সিলেট সার্কিট হাউসে সিলেট সিটি কর্পোরেশন ও সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বৈঠকে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, “সিলেটের চলমান উন্নয়ন প্রকল্পগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি নতুন কয়েকটি সড়ক নির্মাণের পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। নগরীর ভেতরে সওজের আওতাধীন যেসব সড়ক দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে, সেগুলো দ্রুত সংস্কারের বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “বর্ষা মৌসুম শেষ হওয়ার পরপরই এসব সড়ক পূর্ণমানে উন্নীত করার কাজ শুরু হবে। সিলেট-ফেঞ্চুগঞ্জ-রাজনগর-মৌলভীবাজার সড়ক প্রশস্তকরণের প্রকল্প গ্রহণ করা হচ্ছে। এছাড়া আম্বরখানা এলাকার যানজট নিরসনে লাক্কাতুরা থেকে টিবিগেট পর্যন্ত একটি বিকল্প সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। সাহেবের বাজার হয়ে খাদিম-কালাগুল সড়ক সংস্কারের উদ্যোগও নেওয়া হচ্ছে।”
সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “আমরা নগরবাসীকে উন্নত নাগরিক সেবা দিতে চাই। কিন্তু সওজের আওতাধীন কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কের বেহাল অবস্থার কারণে মানুষ দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন। এ সমস্যা সমাধানে মাননীয় মন্ত্রীর নেতৃত্বে আজকের বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে।”
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “মাননীয় মন্ত্রী সিটি কর্পোরেশন এলাকার সওজের আওতাধীন সব গুরুত্বপূর্ণ সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ দিয়েছেন। সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারাও দ্রুত কাজ শুরু করার আশ্বাস দিয়েছেন। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এ কাজে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।”
পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য নগর গঠনে নগরবাসীর সহযোগিতা কামনা করে সিসিক প্রশাসক বলেন, “ইতোমধ্যে আমরা অনেক সড়ক নির্মাণ, প্রশস্তকরণ ও সংস্কার করেছি। আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে। আগামী সেপ্টেম্বর থেকে এসব প্রকল্পের বাস্তবায়ন কাজ শুরু হবে।”
বৈঠকে উপস্থিত ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সওজ সিলেট জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু সাঈদ মো. নাজমুল হুদা, সিলেট সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী উৎপল সামন্ত, সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলীবৃন্দ এবং সিসিকের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবরসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সম্পাদক ও প্রকাশক: বাবুল খান মুন্না, মোবাইল নাম্বার: 𝟎𝟏𝟕𝟒𝟕𝟗𝟏𝟓𝟖𝟔𝟎 / 𝟎𝟏𝟕𝟏𝟒𝟑𝟎𝟓𝟐𝟒𝟒
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত