
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাইয়ে ৩০ পিস ইয়াবাসহ মোঃ সোহানুর রহমান সনি (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। দিরাই পৌরসভার দাউদপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সুনামগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই শাহ আলম, এএসআই দিবাস চন্দ্র দাসসহ পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে দাউদপুর গ্রামে নিজ বসতবাড়ির সামনের রাস্তা থেকে ৩০ পিস ইয়াবাসহ সোহানুরকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত সোহানুর রহমান সনি দাউদপুর গ্রামের মোঃ আঃ শহিদের ছেলে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত সোহানুর জানান, উপজেলার ঘাগটিয়া গ্রামের মৃত মাহমুদুল হকের ছেলে মোঃ নুরুল আমিনের (৪০) সহযোগিতায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ক্রয় করে বিক্রয়ের উদ্দেশ্যে তিনি নিজ হেফাজতে রেখেছিলেন। এ ঘটনার পর থেকে নুরুল আমিন পলাতক রয়েছেন।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। গ্রেপ্তারকৃত আসামিকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হবে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।