
খিজির মুহাম্মদ জুলফিকার, মৌলভীবাজার।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বিভিন্ন বাজারে সড়ক দখল করে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ, অবৈধ পার্কিং রোধ এবং হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার দাবিতে নবাগত সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল নাঈমের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে জাতীয় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) কমলগঞ্জ উপজেলা শাখা।
একই সাথে আগামী ২২ অক্টোবর ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ উপলক্ষে নিসচার পক্ষ থেকে গৃহীত বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রমে উপজেলা প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়।মতবিনিময়কালে নিসচা নেতৃবৃন্দ কমলগঞ্জের বিভিন্ন সড়কে দুর্ঘটনা ও প্রাণহানি বৃদ্ধির পেছনে অনিয়ন্ত্রিত সড়ক দখল, অবৈধ পার্কিং, লক্কড়ঝক্কড় ও ফিটনেসবিহীন যানবাহন চলাচল, লাইসেন্সবিহীন ও অপ্রাপ্তবয়স্ক চালক এবং হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর মতো বিষয়গুলোকে দায়ী করেন। তারা দ্রুত এসব অনিয়মের বিরুদ্ধে মোবাইল কোর্টসহ কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।
কমলগঞ্জের নবাগত সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল নাঈম নিসচা নেতৃবন্দের উত্থাপিত দাবি ও উদ্বেগসমূহ গুরুত্বসহকারে শোনেন এবং পর্যায়ক্রমে এসব সমস্যা সমাধানের বিষয়ে ইতিবাচক আশ্বাস প্রদান করেন।আলোচনা সভা শেষে নবাগত সহকারী কমিশনারকে নিসচা’র পক্ষ থেকে ‘নিরাপদ নিউজ’ নামে একটি ম্যাগাজিন উপহার হিসেবে তুলে দেন সংগঠনটির নেতৃবৃন্দ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মোঃ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক রাসেল হাসান বক্ত, সহ-সভাপতি বকুল আহমদ, সহ-সভাপতি এবাদুর রহমান, অর্থ সম্পাদক হোসাইন আহমদ, কার্যনির্বাহী সদস্য রাজন মিয়া, রিপন মিয়াসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।